দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৬-০ গোলের জয়ের পর আর্জেন্টিনার আরেকটি বড় জয়ের অপেক্ষায় ছিল সমর্থকেরা। কিন্তু জয় দূরে থাক, উল্টো কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয়েছে আর্জেন্টাইনদের।
ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা বল দখলে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ৭০ শতাংশ বলের দখল রেখে ৭টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। বিপরীতে ৩০ শতাংশ বলের দখল রাখা কলম্বিয়া শট নেয় ৯টি এবং লক্ষ্যে রাখে ৪টি।
এদিন ম্যাচের প্রথম গোলটা করে কলম্বিয়াই। ৩৩ মিনিটে অস্কার পেরেরা এগিয়ে দেন কলম্বিয়াকে। যদিও এই লিড ৩ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। তরুণ তারকা ক্লদিও এচেভেরির গোলে সমতা ফেরে আর্জেন্টিনা। এর আগে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ম্যানচেস্টার সিটিতে চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড।
সমতায় ফিরে ম্যাচের বাকি সময়ও বলের দখলে দাপট দেখায় আর্জেন্টিনা। তবে সুযোগ তৈরিতে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়াই। আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বারবি বাধা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে হারতেও পারত আর্জেন্টাইন যুবারা। যদিও শেষ পর্যন্ত তেমনটা হয়নি। ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ দিয়েগো প্লাসেন্তে বলেছেন, ‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। বিশেষ করে শারীরিক দিক থেকে। আমাদের খেলতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তারা খুবই ভালো খেলেছে। আর আপনাকে প্রতি ৪৮ ঘণ্টা পরপর ম্যাচ খেলতে হবে, তখন বিষয়টা কঠিন।’ আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী মঙ্গলবার রাতে বলিভিয়ার বিপক্ষে।
No comments:
Post a Comment